এশিয়া

তাইওয়ান প্রণালিতে চীনের দুই দিনের গোলাবর্ষণ মহড়া শুরু

বেইজিং, ২৩ জুলাই – তাইওয়ান প্রণালিকে কেন্দ্র করে নতুন করে সামরিক তৎপরতা শুরু করেছে চীন। যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে কূটনৈতিক বৈঠকের পরদিন থেকেই ফুজিয়ান উপকূলসংলগ্ন এলাকায় সরাসরি গোলাবর্ষণ মহড়া শুরু করেছে বেইজিং।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এই মহড়া চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের উপকূলঘেঁষা তাইওয়ান প্রণালির বিভিন্ন এলাকায় পরিচালিত হচ্ছে। এই সামরিক মহড়ার ঘোষণা আসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর মধ্যকার বৈঠকের পর।

দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন প্রসঙ্গের পাশাপাশি ওই আলোচনায় স্বশাসিত তাইওয়ানের বিষয়টি গুরুত্ব পায়। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে আসছে। তবে তাইপে শুরু থেকেই বেইজিংয়ের এই দাবি প্রত্যাখ্যান করে নিজেদের সার্বভৌমত্বের পক্ষে অনড় অবস্থান নিয়েছে।

চীনের সামুদ্রিক কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী ফুজিয়ানের দংশান দ্বীপসংলগ্ন এলাকায় প্রতিদিন স্থানীয় সময় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গোলাবর্ষণ মহড়া চলবে। দংশান দ্বীপটি গুয়াংডং প্রদেশের সীমান্তবর্তী উপকূলীয় অঞ্চলে অবস্থিত। এর আগে গত ডিসেম্বরে তাইওয়ানকে কেন্দ্র করে বড় ধরনের সামরিক মহড়া চালিয়েছিল চীন।

সেই সময় যুক্তরাষ্ট্র তাইওয়ানের জন্য রেকর্ড ১১ দশমিক ১ বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা প্যাকেজ ঘোষণা করেছিল। ওই সময় চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড প্রায় ১০ ঘণ্টাব্যাপী সরাসরি গোলাবর্ষণ মহড়া চালিয়ে তাইওয়ানের উত্তর ও দক্ষিণের জলসীমার দিকে রকেট নিক্ষেপ করেছিল।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে তাইওয়ানকে ঘিরে চীনের ধারাবাহিক এই সামরিক তৎপরতা ওই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলছে যা একই সাথে বেইজিং ও ওয়াশিংটন সম্পর্কের ওপর বাড়তি চাপ তৈরি করছে।

এস এম/ ২৩ জুলাই ২০২৬


Back to top button