হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল তলানিতে, বাড়ছে জ্বালানি সরবরাহে ঝুঁকি

তেহরান, ২২ জুলাই – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা এবং তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপক হারে কমেছে। নিরাপত্তার চরম ঝুঁকির আশঙ্কায় বিশাল আকৃতির অপরিশোধিত তেল বা গ্যাসবাহী ট্যাংকারগুলো এখন এই রুট এড়িয়ে চলছে।
শিপিং অ্যানালিটিক্স ফার্ম কেপলারের তথ্যের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২১ জুলাই মঙ্গলবার মাত্র তিনটি পণ্যবাহী জাহাজ এই প্রণালি অতিক্রম করেছে। অথচ এর আগের দিন সোমবার চারটি জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করেছিল।
সংস্থাটি আরও জানায়, দৃশ্যমানভাবে কোনো বড় তেলবাহী ট্যাঙ্কার কিংবা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি বাহী জাহাজকে এই রুটে দেখা যায়নি। মূলত ইরানের ওপর মার্কিন সামরিক বাহিনীর ক্রমাগত হামলার প্রেক্ষাপটেই জাহাজ চলাচলে এই মন্দা দেখা দিয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, বাণিজ্যিক জাহাজে হুমকি দেওয়ার সক্ষমতা কমিয়ে দিতে ইরানে তারা টানা ১১তম রাতের মতো বিমান হামলা চালিয়েছে।
এই অস্থিরতার প্রভাব লোহিত সাগরেও অনুভূত হচ্ছে। ইয়েমেনের হুথিদের হুমকির মুখে এশিয়ামুখী দুটি সৌদি তেলবাহী ট্যাঙ্কার বাব আল-মান্দেব প্রণালির কাছ থেকে নিজেদের পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। আন্তর্জাতিক এই উত্তেজনায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের নিরাপত্তা এখন চরম সংকটের মুখে পড়েছে।
এস এম/ ২২ জুলাই ২০২৬









