কুমিল্লা

কুমিল্লার দেবিদ্বারে ইউপি সচিবকে মারধর, কার্যালয়ে হামলা

কুমিল্লা, ২১ জুলাই – কুমিল্লার দেবিদ্বার উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে উত্তেজনা ও হামলার ঘটনা ঘটেছে। সোমবার ইউপি কার্যালয়ে এই হামলার সময় ইউনিয়ন পরিষদের সচিবকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ পলাতক থাকায় তিন মাসের ছুটিতে যান। ওই সময় ইউপি সদস্য মো. সালাউদ্দিন রুহুলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছিল।

সম্প্রতি একটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর বিভাগীয় কমিশনারের নির্দেশে কামরুজ্জামান মাসুদ পুনরায় তার স্বপদে বহাল হন। সোমবার তার দায়িত্ব বুঝে নেওয়ার কথা ছিল। এই খবরের প্রেক্ষিতে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ইউপি কার্যালয়ের সামনে বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে একদল লোক সচিবের কক্ষে প্রবেশ করে তার সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হয় এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা জানান, সচিবের ওপর হামলার অভিযোগে ভিডিও ফুটেজসহ থানায় এজাহার দায়ের করা হয়েছে।

বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকেও অবহিত করা হয়েছে। দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সচিবকে উদ্ধার করেছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস এম/ ২১ জুলাই ২০২৬


Back to top button