মধ্যপ্রাচ্য

হামাসের নতুন প্রধান হিসেবে খলিল আল-হায়ার নাম ঘোষণা

জেরুজালেম, ২০ জুলাই – ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নতুন প্রধান হিসেবে খলিল আল-হায়ার নাম ঘোষণা করা হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে ইসরায়েলি হামলায় নিহত সাবেক প্রধান ইয়াহিয়া সিনওয়ারের উত্তরসূরি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন।

সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

হামাসের একটি বিবৃতির বরাত দিয়ে জানানো হয়েছে যে খলিল আল-হায়া এর আগে সংগঠনটির ডেপুটি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পাঁচ সদস্যবিশিষ্ট লিডারশিপ কাউন্সিলেরও প্রভাবশালী সদস্য ছিলেন।

দলটির সাবেক পলিটব্যুরো প্রধান খালেদ মেশালের সঙ্গে অনুষ্ঠিত অভ্যন্তরীণ ভোটের দ্বিতীয় দফায় জয়ী হয়ে তিনি শীর্ষ পদে আসীন হন। ২০২৪ সালে গাজায় হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার ও সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ নিহত হওয়ার পর থেকে সংগঠনটির ভেতরে আল-হায়ার গুরুত্ব বৃদ্ধি পেতে থাকে। একই বছর তেহরান সফরকালে ইসমাইল হানিয়া গুপ্তহত্যার শিকার হওয়ার পর তিনি নেতৃত্বের অগ্রভাগে চলে আসেন।

শীর্ষ নেতাদের মৃত্যুর পর উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে গঠিত লিডারশিপ কাউন্সিলে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১৯৬০ সালে গাজা উপত্যকায় জন্মগ্রহণকারী খলিল আল-হায়া ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি দীর্ঘ সময় ধরে কূটনৈতিক অঙ্গনে বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন।

কাতার ও মিসরের মধ্যস্থতায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন পর্যায়ের আলোচনায় তিনি হামাসের প্রধান প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। গাজার বাইরে থেকে কার্যক্রম পরিচালনা করায় তিনি ইসরায়েলি অবরোধের মধ্যেও বিভিন্ন দেশের সঙ্গে রাজনৈতিক সমন্বয় করতে সক্ষম হন।

সংগঠনের কাজে সক্রিয় থাকার কারণে আল-হায়ার পরিবারকে বড় ধরনের ত্যাগ স্বীকার করতে হয়েছে। ২০১৪ সালের যুদ্ধে ইসরায়েলি বিমান হামলায় তার বড় ছেলে ওসামা এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন। এছাড়া গত বছরের সেপ্টেম্বরের এক হামলায় তার আরেক ছেলে হুমামসহ পাঁচজন প্রাণ হারান।

এনএন/ ২০ জুলাই ২০২৬


Back to top button