ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা: চাবাহার বন্দরের কন্ট্রোল টাওয়ার ধ্বংস

তেহরান, ১৭ জুলাই – ইরানের বিভিন্ন বেসামরিক স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, এই হামলায় দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মাকরান অঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরের একটি সামুদ্রিক ট্রাফিক কন্ট্রোল টাওয়ার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
তেহরান এই ঘটনাকে জঘন্য হিসেবে আখ্যায়িত করে জানিয়েছে যে, এর ফলে স্থানীয় জেলেদের জীবিকা এবং নৌচলাচলের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের তথ্য অনুযায়ী, মার্কিন বাহিনী অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা সম্পূর্ণ বেসামরিক একটি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে।
ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলা পশ্চিমাদের দ্বৈত নীতি এবং আন্তর্জাতিক চুক্তির প্রতি ওয়াশিংটনের অবজ্ঞার প্রতিফলন। হামলার পর ইরানের দক্ষিণাঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ ব্যবস্থার ওপর প্রবল চাপ সৃষ্টি হয়েছে।
ইরানের জ্বালানি মন্ত্রণালয় সাধারণ নাগরিকদের বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে মিতব্যয়ী হওয়ার জরুরি বার্তা দিয়েছে। বর্তমানে ওই অঞ্চলে তীব্র তাপপ্রবাহের পাশাপাশি হামলার কারণে বিদ্যুৎ সঞ্চালনে বিঘ্ন ঘটছে। অন্যদিকে মার্কিন এই হামলার জবাবে পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান।
তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তারা কুয়েতে অবস্থানরত মার্কিন ও ইসরায়েল সমর্থিত যোদ্ধাদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
কুয়েতের বিদ্যুৎ, পানি ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় তাদের একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলেও স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বর্তমানে মেরামতের কাজ চলছে।
এনএন/ ১৭ জুলাই ২০২৬









