ফুটবল

বিশ্বকাপে ইংল্যান্ডের তুরুপের তাস হতে পারেন মাইনু, বিশ্বাস ওয়েনের

লন্ডন, ১৫ জুলাই – চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে এক মিনিটের জন্যও মাঠে নামতে পারেননি তরুণ মিডফিল্ডার কোবি মাইনু। কোচ টমাস টুখেল তাকে ডাগআউটে বসিয়ে রাখায় ফুটবল মহলে নানা আলোচনা চলছে। তবে ইংল্যান্ডের সাবেক তারকা মাইকেল ওয়েন মনে করেন, টুর্নামেন্টের এই পর্যায়ে এসে হঠাৎ করেই বড় নায়ক হয়ে উঠতে পারেন ২১ বছর বয়সী এই ফুটবলার।

ওয়েনের মতে, বিশ্বকাপের মতো বড় আসরে শেষ মুহূর্তে কে নায়ক হবেন তা আগে থেকে বলা কঠিন। তিনি ১৯৬৬ সালের বিশ্বকাপের উদাহরণ টেনে বলেন, সেই সময় প্রধান তারকা জিমি গ্রিভস চোট পেয়ে ছিটকে গেলে সুযোগ পেয়েছিলেন জিওফ হার্স্ট।

সেই সুযোগ কাজে লাগিয়ে ফাইনালে হ্যাটট্রিক করে ইংল্যান্ডকে শিরোপা জিতিয়েছিলেন তিনি। মাইনুর মধ্যেও তেমন সামর্থ্য দেখছেন ওয়েন। সাবেক এই তারকা বলেন যে ফুটবলে সবসময় অপ্রত্যাশিত কিছু ঘটে থাকে। হার্স্ট যেভাবে ইতিহাস গড়েছিলেন, মাইনুর ক্ষেত্রেও তেমনটা ঘটার সম্ভাবনা রয়েছে।

যদিও এখন পর্যন্ত টুখেল তাকে মাঠে নামাননি, কিন্তু পরিস্থিতির পরিবর্তন হতে সময় লাগে না। সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই ম্যাচটিকে বড় পরীক্ষা হিসেবে দেখছেন ওয়েন। তিনি জানান, শুধু হ্যারি কেইন বা জুড বেলিংহ্যামের ওপর নির্ভর করলে চলবে না।

বিশ্বকাপ জিততে হলে নতুন কাউকে এগিয়ে আসতে হবে। মাইনুর সেই সুযোগ আসতে পারে লিওনেল মেসিদের বিপক্ষে ম্যাচেই। এখন দেখার বিষয় টুখেল শেষ পর্যন্ত মাইনুকে সুযোগ দেন কি না। যদি সুযোগ আসে তাহলে ৬০ বছর আগের জিওফ হার্স্টের মতো তিনিও কি ইংল্যান্ডের অপ্রত্যাশিত নায়ক হয়ে উঠতে পারেন সেই উত্তর মিলবে মাঠেই।

এস এম/ ১৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language