মালয়েশিয়া

মালয়েশিয়ায় ২৯০ বাংলাদেশিসহ ৫০৩ বিদেশি নাগরিক আটক

কুয়ালালামপুর, ১৪ জুলাই – মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ২৯০ জন বাংলাদেশিসহ মোট ৫০৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। দেশটির ১৮টি স্থানে একযোগে পরিচালিত এক বিশেষ অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়।

মূলত অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠান এবং প্রবাসীদের পরিচালিত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়েছে। সোমবার মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক জাকারিয়া শাবান এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

অভিযানে ইমিগ্রেশন বিভাগ, জাতীয় নিবন্ধন বিভাগ, পুলিশ ও স্থানীয় সরকারের অন্তত ৮৭৬ জন কর্মকর্তা সক্রিয়ভাবে অংশ নেন। এ সময় নিয়োগকর্তা ও বিদেশি কর্মীসহ সর্বমোট ২ হাজার ২৬০ জনের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। প্রাথমিক যাচাই-বাছাই শেষে অভিবাসন আইন ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ৫০৩ জনকে হেফাজতে নেওয়া হয়।

আটককৃতদের মধ্যে ২৯০ জন বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ১০১ জন, ইন্দোনেশীয় ৬৬ জন, নেপালি ৩৮ জন, ভারতীয় ৩৬ জন এবং অন্যান্য দেশের আরও ১০ জন নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ৯৫ জন নারী রয়েছেন এবং আটককৃতদের বয়স ২১ থেকে ৫২ বছরের মধ্যে সীমাবদ্ধ।

ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, বৈধ ভ্রমণ নথি বা কাজের অনুমতি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা এবং ভিসার শর্ত ভঙ্গের দায়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্তে দেখা গেছে, অনেক কর্মী নির্মাণ খাতের ভিসা নিয়ে অন্য খাতের বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

এছাড়া কয়েকটি ক্ষেত্রে ইউএনএইচসিআর কার্ডধারীদেরও তথ্য যাচাইয়ের জন্য আটক করা হয়েছে। বর্তমানে আটককৃতদের বিভিন্ন ইমিগ্রেশন ডিপোতে স্থানান্তর করা হয়েছে। এর পাশাপাশি ঘটনার অধিকতর তদন্তের জন্য আরও ১২০ জনকে বিশেষ নোটিশ দেওয়া হয়েছে।

মহাপরিচালক জাকারিয়া শাবান জানান, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে সারা দেশে দুই শতাধিক হটস্পট চিহ্নিত করা হয়েছে যার প্রায় অর্ধেকই ক্লাং ভ্যালি এলাকায় অবস্থিত। এসব এলাকায় ভবিষ্যতে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এস এম/ ১৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language