উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্র ও ইরান উত্তেজনায় বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

ওয়াশিংটন, ১৩ জুলাই – যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ব জ্বালানি বাজারে এর সরাসরি প্রভাব পড়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম এর এক প্রতিবেদনে জানানো হয়েছে যে সোমবার সপ্তাহের লেনদেনের শুরুতেই ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৮ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। এর আগে এই তেলের দাম সর্বনিম্ন ৭০ দশমিক ১৪ ডলারে নেমে এসেছিল।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ৮৩ ডলারে উন্নীত হয়েছে। জ্বালানি বিশেষজ্ঞ এবং জর্জ মেসন বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ ভিজিটিং ফেলো ওমিদ শোকরি এ বিষয়ে বলেন যে মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত দীর্ঘায়িত হলে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

ভূরাজনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাজারের ব্যবসায়ীরা তেলের দামে বাড়তি ঝুঁকি যুক্ত করছেন বলে তিনি মনে করেন। ওমিদ শোকরির মতে সবচেয়ে বড় ভয়ের কারণ হলো সংঘাতের কারণে যদি হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচলে বিঘ্ন ঘটে।

এছাড়া পারস্য উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদনকারী দেশগুলোর রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও বাজারে বড় ধরনের সংকট দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার ভিত্তিতে চলমান যুদ্ধবিরতি প্রক্রিয়া যতদিন অনিশ্চিত থাকবে ততদিন তেলের বাজার অস্থিতিশীল থাকতে পারে।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও তেলের দামের ওঠানামা অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। শেষ পর্যন্ত সরবরাহ ব্যবস্থার ওপর ভিত্তি করেই নির্ধারিত হবে তেলের দাম কতদিন উচ্চপর্যায়ে থাকবে।

এস এম/ ১৩ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language