মধ্যপ্রাচ্য

যুদ্ধে ইরানের বিজ্ঞান অবকাঠামোর ৩০০ মিলিয়ন ডলারের ক্ষতি

তেহরান, ১১ জুলাই – সাম্প্রতিক যুদ্ধের কারণে ইরানের গবেষণা অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি বিষয়ক উপ-প্রেসিডেন্ট হোসেইন আফশিন জানিয়েছেন, এই ক্ষতির পরিমাণ প্রায় ৩০ কোটি মার্কিন ডলার। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার এক প্রতিবেদনে আফশিনের এই বক্তব্যের কথা তুলে ধরা হয়েছে।

হোসেইন আফশিন বলেন, ইরান এমন সব উদীয়মান প্রযুক্তি নিয়ে গবেষণা চালাচ্ছিল যেগুলোর কোনো সামরিক উদ্দেশ্য ছিল না। তা সত্ত্বেও প্রতিপক্ষ দেশটির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতাকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

তিনি আরও জানান, বৈজ্ঞানিক অবকাঠামোর ওপর হামলা চালানো হলেও তারা দমে যাবেন না বরং আরও শক্তিশালীভাবে এগুলো পুনর্নির্মাণ করবেন। বিজ্ঞানের অগ্রযাত্রাকে জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছে ইরান।

বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তিতে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হওয়ার স্বপ্ন দেখছে তেহরান। আফশিনের মতে, যারা এই খাতে বিনিয়োগ করবে ভবিষ্যতে তারাই বিশ্বকে নেতৃত্ব দেবে।

যুদ্ধের কারণে অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হলেও বিজ্ঞান ও প্রযুক্তি খাতের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং ক্ষতিগ্রস্ত কেন্দ্রগুলো দ্রুত মেরামতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

এস এম/ ১১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language