জয়পুরহাট

জয়পুরহাট সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা পণ্ড, তিনজনকে আটকে দিল বিজিবি

জয়পুরহাট, ১১ জুলাই – জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে দুই নারীসহ তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয় গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সতর্ক অবস্থানের কারণে এই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বর্তমানে ওই তিন ব্যক্তি ও উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পুশইনের শিকার ব্যক্তিদের মধ্যে শেখ হাফিজুর রহমান নামের পঁয়ষট্টি বছর বয়সী এক বৃদ্ধ রয়েছেন। তার বাড়ি নড়াইল জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তার সঙ্গে থাকা দুই নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার ভোরে পশ্চিম রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮ এস সাব-পিলার এলাকা দিয়ে বিএসএফ তাদের জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে সীমান্তের লাইটপোস্টের আলো নিভিয়ে বিএসএফ সদস্যরা ওই তিনজনকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে পাহারায় থাকা গ্রামবাসীরা তাদের আটকে দেন।

খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নিয়ে সীমান্তের শূন্যরেখায় অবস্থান নেন। এ বিষয়ে ধলাহার ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলাম জানান, গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পুশইন প্রক্রিয়া সফল হয়নি। বর্তমানে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

এস এম/ ১১ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language