ইংল্যান্ডই ফেবারিট, সব চাপ প্রতিপক্ষের ওপর ঠেলে দিলেন হালান্ড

অসলো, ১০ জুলাই – বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকেই স্পষ্ট ফেবারিট হিসেবে দেখছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। নরওয়ের দুর্দান্ত পারফরম্যান্স সত্ত্বেও তিনি প্রত্যাশা নিয়ন্ত্রণে রাখছেন এবং মনে করছেন সেমিফাইনালে ওঠার লড়াইয়ে চাপ পুরোপুরি ইংল্যান্ডের ওপরই থাকা উচিত।
ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পর হালান্ড কৌশলে ম্যাচের সব চাপ ইংল্যান্ডের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করেছেন। তার মতে নরওয়ে এবারের বিশ্বকাপে প্রত্যাশার চেয়েও অনেক ভালো খেলেছে। তবে টমাস টুখেলের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলই এই ম্যাচে জয়ের বড় দাবিদার।
কোয়ার্টার ফাইনালের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হালান্ড নিজের দলের অগ্রযাত্রার প্রশংসা করলেও বারবার মনে করিয়ে দেন যে এই লড়াইয়ে এগিয়ে থাকার ভার ইংল্যান্ডেরই।
এনআরকে এর কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমাদের জয়ের সম্ভাবনা খুব একটা বেশি নয়। আমার মনে হয় আপনারা সবাই সব চাপ ইংল্যান্ডের ওপরই রাখুন।
এই ম্যাচটি হালান্ডের জন্য ব্যক্তিগতভাবেও বিশেষ গুরুত্ব বহন করছে কারণ ইংল্যান্ডের হয়ে খেলবেন তার ম্যানচেস্টার সিটির সতীর্থ জন স্টোনস ও মার্ক গেহি। ক্লাব সতীর্থদের বিপক্ষে বিশ্বকাপের নকআউট ম্যাচে লড়াই করাকে তিনি কিছুটা অদ্ভুত ও বিশেষ অনুভূতি হিসেবে অভিহিত করেছেন। কঠিন সূচির মধ্যেও পুরো টুর্নামেন্টে নিজের সেরা ফর্ম ধরে রাখার পেছনে ক্লাব ও জাতীয় দলের কোচের অবদানের কথা তুলে ধরেন তিনি।
হালান্ড জানান গত কয়েক মৌসুমে ইতিহাদ স্টেডিয়ামে এবং জাতীয় দলে খেলার অভিজ্ঞতায় নিজের শরীর সম্পর্কে তার বোঝাপড়া অনেক বেড়েছে। তিনি আরও বলেন আমি আমার শরীরকে এখন খুব ভালোভাবে চিনি এবং খুব বেশি চোট সমস্যা না থাকাটা আমাদের জন্য ইতিবাচক লক্ষণ।
এখন দেখার বিষয় ফেবারিটের তকমা নিয়ে মাঠে নামা ইংল্যান্ডকে হারিয়ে হালান্ডের নরওয়ে সেমিফাইনালে জায়গা করে নিতে পারে কি না।
এনএন/ ১০ জুলাই ২০২৬









