জাতীয়

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ৯ জুলাই – জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬-এর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ রক্ষা এবং বৃক্ষরোপণ একে অপরের পরিপূরক। পরিবেশের ভারসাম্য রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা আমাদের সবার পবিত্র কর্তব্য।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে পরিবেশের জন্য ক্ষতিকর গাছ পরিহার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, অতিরিক্ত জনসংখ্যা, জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ণ এবং বন উজাড়ের ফলে দেশের জীববৈচিত্র্য আজ হুমকির মুখে পড়ছে। সরকার মাটি, পানি, বায়ু ও প্রাণিকুলসহ সব উপাদান নিয়ে একটি সুশৃঙ্খল বাস্তুতন্ত্র বজায় রাখতে কাজ করছে বলে তিনি জানান। নিরাপদ বাস্তুতন্ত্রের মাধ্যমেই মানব সমাজের সুষম বিকাশ সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

নাগরিকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যত্রতত্র বর্জ্য কিংবা উচ্ছিষ্ট ফেলা থেকে বিরত থাকতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি নাগরিকের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। তিনি আরও জানান, প্লাস্টিক বর্জ্য কমাতে সরকার ইতোমধ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন নীতিমালা বাস্তবায়ন করছে।

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটি এখন আমাদের প্রাত্যহিক বাস্তবতা। উন্নয়নের লক্ষ্য অর্জনে প্রকৃতির সঙ্গে সম্প্রীতি বজায় রাখা জরুরি। অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ, গবেষণা ও জনসচেতনতা বৃদ্ধিতে অসামান্য অবদানের জন্য ছয়টি ক্ষেত্রে জাতীয় পরিবেশ পদক ২০২৫ প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী পরিবেশ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে মন্ত্রীপরিষদ সদস্য, সংসদ সদস্য এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনএন/ ৯ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language