সুপার কম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী যে ৪ টি দেশ বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে

ওয়াশিংটন, ৯ জুলাই – ২০২৬ ফুটবল বিশ্বকাপ এখন রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনাল পর্বে এসে দাঁড়িয়েছে। ইতিহাসের সর্ববৃহৎ এই আসরের ইতোমধ্যে ৯৬টি ম্যাচ সম্পন্ন হয়েছে। শিরোপার লড়াইয়ে টিকে আছে মাত্র আটটি দল। এক দিনের বিরতির পর শুরু হতে যাওয়া এই পর্ব নিয়ে ফুটবল পরিসংখ্যান বিশ্লেষণী প্রতিষ্ঠান অপটা তাদের সুপার কম্পিউটারের সর্বশেষ পূর্বাভাস প্রকাশ করেছে।
অপটার সুপার কম্পিউটারের তথ্য অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ফ্রান্সের জয়ের সম্ভাবনা অনেক বেশি। ফরাসিদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৭৩ দশমিক ৮৮ শতাংশ। অন্যদিকে মরক্কোর সম্ভাবনা ২৬ দশমিক ১২ শতাংশ। স্পেনও শক্ত অবস্থানে রয়েছে।
বেলজিয়ামের বিপক্ষে স্প্যানিশদের শেষ চারে ওঠার সম্ভাবনা ৬৯ দশমিক ৭০ শতাংশ হিসেবে দেখা হচ্ছে। বিপরীতে বেলজিয়ামের সম্ভাবনা ৩০ দশমিক ৩০ শতাংশ। নরওয়ে ও ইংল্যান্ডের লড়াইটি তুলনামূলক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে বলে মনে করছে সুপার কম্পিউটার। তবে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
তাদের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৬২ দশমিক ৩৫ শতাংশ এবং নরওয়ের ৩৭ দশমিক ৬৫ শতাংশ। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাও রয়েছে ফেবারিটদের তালিকায়। সুইজারল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসিদের শেষ চারে ওঠার সম্ভাবনা ৬৯ দশমিক ১৩ শতাংশ।
সুইজারল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ৩০ দশমিক ৮৭ শতাংশ। তবে পরিসংখ্যান যাই বলুক না কেন, ফুটবলের চূড়ান্ত ফয়সালা মাঠের লড়াইয়েই হবে। সুপার কম্পিউটারের এই ভবিষ্যদ্বাণী কতটা সফল হয়, তা দেখার জন্য ফুটবল বিশ্ব এখন কোয়ার্টার ফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায়।
এস এম/ ৯ জুলাই ২০২৬









