মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রকে পাল্টা জবাব: কাতার, বাহরাইন ও কুয়েতে ইরানের মিসাইল হামলা

তেহরান, ৯ জুলাই – যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার কড়া জবাব দিতে শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে রাতভর ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে তেহরান। ইরানের এই পাল্টা আক্রমণের জেরে বাহরাইনে ইতিমধ্যে সতর্কতামূলক সাইরেন বাজানো শুরু হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্ভূত পরিস্থিতিতে জনগণকে আতঙ্কিত না হয়ে নিকটবর্তী নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, তাদের সেনাদের অভিযানে কুয়েতের একটি মার্কিন সামরিক ঘাঁটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে।

অন্যদিকে, বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তর লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা সেখান থেকে ধোঁয়া বের হতে দেখেছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের এই প্রতিঘাত শুরু হলেও যুদ্ধের প্রাথমিক পর্যায়ের মতো তীব্রতা এখনও লক্ষ্য করা যায়নি।

তবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, মার্কিন বাহিনী ইরানের গোলেস্তান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ রেলসেতুতে ক্রুজ মিসাইল হামলা চালিয়েছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, সেতুতে এই হামলার কঠোর জবাব দেওয়া হবে।

এস এম/ ৯ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language