এশিয়া

চীনে ভয়াবহ বন্যায় ৯০০ সাপ নিখোঁজ, বিভিন্ন প্রদেশে ১৬ জনের মৃত্যু

বেইজিং, ৮ জুলাই – দক্ষিণ চীনের গুয়াংজি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রবল বন্যার তোড়ে একটি সাপের খামার ক্ষতিগ্রস্ত হয়ে প্রায় ৯০০টি সাপ লোকালয়ে ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। একই সাথে দেশটির বিভিন্ন প্রান্তে বন্যা, ভূমিধস ও টর্নেডোর আঘাতে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে যে বানের পানিতে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা বাঁশের লাঠি ব্যবহার করে সাপ ধরার চেষ্টা করছেন। স্থানীয় কর্মকর্তা উ ঝি জানিয়েছেন যে পালিয়ে যাওয়া সাপের অধিকাংশই বিষধর নয়। নিখোঁজ সাপগুলো উদ্ধারে ১০ সদস্যের একটি বিশেষ দল মাছ ধরার জাল ও স্টান গান নিয়ে অভিযান চালাচ্ছে।

গ্রামাসীদের সাপ দেখলে আতঙ্কিত না হয়ে নিজস্ব উদ্যোগে না ধরার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে অতিবৃষ্টি ও বন্যার কারণে চীনের বিভিন্ন এলাকায় পরিস্থিতির অবনতি হওয়ায় গুয়াংজি অঞ্চলে সোমবার মধ্যরাতে সর্বোচ্চ রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে যে ৫৫টি নদীর ৭০টি পর্যবেক্ষণ কেন্দ্রে পানির স্তর বিপদসীমা অতিক্রম করেছে।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি মারফত জানানো হয়েছে যে প্রেসিডেন্ট শি চিনপিং উদ্ধার তৎপরতা জোরদার এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের নির্দেশ দিয়েছেন। বিশেষ করে নদী ও ভূমিধসপ্রবণ এলাকায় নজরদারি বাড়াতে বলা হয়েছে।

অন্যদিকে উত্তর পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে ভূমিধসে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। হুবেই প্রদেশে প্রবল বৃষ্টি ও টর্নেডোর আঘাতে অন্তত ১১ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন যে এল নিনোর প্রভাব ও বৈশ্বিক উষ্ণায়নের কারণে চলতি বছর চীনকে আরও চরম আবহাওয়ার মোকাবিলা করতে হতে পারে।

এস এম/ ৮ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language