আর্জেন্টিনা কে হারানোর স্বপ্নে বিভোর মিশর, দেশজুড়ে টানটান উত্তেজনা ও উৎসবের আমেজ

কায়রো, ৭ জুলাই – বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে মিশর। মাঠের লড়াই শুরু হওয়ার আগেই গোটা দেশজুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজধানী কায়রো থেকে শুরু করে আলেকজান্দ্রিয়া ও গিজা, সবখানিই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই ম্যাচটি।
মিশরের ফুটবল প্রেমীদের মনে একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, মোহামেদ সালাহরা কি পারবেন নতুন কোনো ইতিহাস গড়তে? যুক্তরাষ্ট্রের আটলান্টায় বিশ্বকাপের শেষ ষোলোর এই লড়াইটি কোটি কোটি মিশরীয়র কাছে শুধু একটি ফুটবল ম্যাচ নয়, বরং এটি জাতীয় মর্যাদার লড়াই হিসেবে দেখা দিচ্ছে।
দেশটির প্রতিটি রাস্তা, বাড়ির বারান্দা এবং দোকানপাটে এখন জাতীয় পতাকার আধিপত্য। ক্যাফে থেকে শুরু করে গণপরিবহন, সর্বত্রই চলছে ফুটবলের চুলচেরা বিশ্লেষণ। সমর্থকরা আশা করছেন, আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে তাদের দেশ।
কায়রোর বিভিন্ন ক্যাফে বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতি নিয়ে ছোটখাটো স্টেডিয়ামে রূপ নিয়েছে। রাজপথে দেশাত্মবোধক গানের সুর আর পতাকা বিক্রেতাদের হাঁকডাকে তৈরি হয়েছে এক অন্যরকম আবহ। রাউন্ড অব ৩২ এ অস্ট্রেলিয়াকে পরাজিত করে প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠায় দলটির প্রতি সমর্থকদের আস্থা এখন আকাশচুম্বী।
অনেকেই মনে করছেন, বর্তমান এই দলটি মিশরের ফুটবলে একটি নতুন যুগের সূচনা করতে পারে। গিজার সমর্থকরা মোহামেদ সালাহ ও ইমাম আশুরের ওপর যেমন ভরসা রাখছেন, তেমনি গোলরক্ষক মুস্তাফা শোবাইরের টাইব্রেকার ঠেকানোর দক্ষতা নিয়েও আশাবাদী।
সমর্থকদের মতে, আর্জেন্টিনা শক্তিশালী দল হলেও কেপ ভার্দের বিপক্ষে তাদের লড়াই মিশরীয়দের মনে নতুন আশার সঞ্চার করেছে। ফুটবল কোচ হোসাম হাসানের অধীনে দলটির সংহতি এবং কৌশলগত শৃঙ্খলা এবার বড় কোনো অঘটন ঘটাতে পারে বলে অনেকের ধারণা। মরুভূমির ঈগলদের এই ঐতিহাসিক অভিযাত্রা দেখার অপেক্ষায় এখন সারা বিশ্ব।
এস এম/ ৭ জুলাই ২০২৬









