ফুটবলারের লাল কার্ড স্থগিত: ফিফাকে অনুরোধের বিষয়টি নিশ্চিত করলেন ট্রাম্প

ওয়াশিংটন, ৬ জুলাই – বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড পাওয়ার পর যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগানের ওপর আরোপিত এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করেছে ফিফা। এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের বিষয়টি এতদিন গুঞ্জন হিসেবে থাকলেও এবার তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
ট্রাম্প জানান, বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার জন্য তিনি ফিফাকে বিশেষ অনুরোধ করেছিলেন। ফিফার এই পদক্ষেপকে সঠিক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন ট্রাম্প।
তার মতে, বালোগানের ওপর এই নিষেধাজ্ঞা বহাল থাকলে তা চলতি টুর্নামেন্টের জন্য বড় একটি কলঙ্ক হয়ে থাকত। উল্লেখ্য যে, বসনিয়ার বিপক্ষে গোল করে বর্তমানে এই বিশ্বকাপে নিজ দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থানে রয়েছেন এই তারকা স্ট্রাইকার।
আগামীকাল সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র। লাল কার্ডের কারণে এই ম্যাচে বালোগানের অংশগ্রহণের সম্ভাবনা ছিল না। তবে ফিফার বিশেষ সিদ্ধান্তে ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার এখন মাঠে নামার সুযোগ পাচ্ছেন।
সোমবার হোয়াইট হাউসে আয়োজিত এক বক্তব্যে ট্রাম্প বলেন, তার কাছে ওই ঘটনাটি ফাউল বলে মনে হয়নি বলেই তিনি ফিফাকে বিষয়টি পুনরায় খতিয়ে দেখতে বলেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট আরও নিশ্চিত করেন যে, তিনি ব্যক্তিগতভাবে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। তবে তিনি সরাসরি কোনো নির্দেশ দেননি, বরং কেবল সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছিলেন। তিনি বলেন, দুই সেরা খেলোয়াড়ের মধ্যে ধাক্কাধাক্কির কারণে তারা পড়ে গিয়েছিলেন। শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এনএন/ ৬ জুলাই ২০২৬









