ইটিআই ভবনে এনআইডির জরুরি সেবা বন্ধ করল নির্বাচন কমিশন

ঢাকা, ৬ জুলাই – নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে পরিচালিত জাতীয় পরিচয়পত্র বা এনআইডি সংক্রান্ত জরুরি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন কমিশনের এনআইডি শাখার অপারেশন পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে যে মহাপরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য জাতীয় পরিচয়পত্র সংশোধনের ঘ ক্যাটাগরির আবেদন ছাড়া প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনে ক-১, ক, খ-১, খ, গ-১ ও গ ক্যাটাগরির সংশোধন সেবা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়া অনলাইনে আবেদনযোগ্য আবেদনসমূহের হার্ডকপি সরাসরি গ্রহণ করা হবে না বলেও আদেশে জানানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ক-১ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন সহকারী থানা অথবা উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং ক ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করবেন থানা অথবা উপজেলা নির্বাচন কর্মকর্তা।
খ-১ ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং খ ক্যাটাগরির দায়িত্ব পেয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা।
একইভাবে গ-১ ও গ ক্যাটাগরির আবেদনগুলো যথাক্রমে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা নিষ্পত্তি করবেন। উল্লেখ্য যে এতদিন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এই সেবাগুলো জরুরি ভিত্তিতে প্রদান করা হচ্ছিল।
এস এম/ ৬ জুলাই ২০২৬









