ব্রাজিল বনাম নরওয়ে: বিশ্বকাপে হালান্ড ও গ্যাব্রিয়েল দ্বৈরথ ঘিরে উত্তেজনা

ব্রাসিলিয়া, ৫ জুলাই – বিশ্বকাপের নকআউট পর্বে শেষ ষোলোর লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী ব্রাজিল ও নরওয়ে। এই ম্যাচটি ফুটবল বিশ্বে বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে নরওয়ের তারকা স্ট্রাইকার এর্লিং হালান্ড এবং ব্রাজিলের রক্ষণভাগের অতন্দ্র প্রহরী গ্যাব্রিয়েলের মধ্যকার ব্যক্তিগত লড়াইয়ের কারণে।
ক্লাব ফুটবল তথা ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের জার্সিতে দীর্ঘদিন ধরে চলে আসা তাদের এই তীব্র প্রতিদ্বন্দ্বিতা এবার বিশ্বমঞ্চে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। মাঠের লড়াইয়ে হালান্ড ও গ্যাব্রিয়েলের সম্পর্ক বেশ তিক্ত হিসেবেই পরিচিত।
বিশেষ করে ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রিমিয়ার লিগের ম্যাচে জন স্টোনসের শেষ মুহূর্তের গোলে সিটি সমতায় ফেরার পর হালান্ড বলটি গ্যাব্রিয়েলের মাথায় ছুড়ে মেরেছিলেন। সেই ঘটনার পর থেকে দুই ফুটবলারের মধ্যে মানসিক লড়াই আরও তীব্র হয়েছে।
বিভিন্ন ম্যাচে একে অপরকে উসকানি দেওয়া কিংবা গোল উদযাপনের মাধ্যমে পাল্টা জবাব দেওয়ার মধ্য দিয়ে এই দ্বৈরথ অন্য উচ্চতায় পৌঁছেছে। প্রাক্তন ইংল্যান্ড স্ট্রাইকার ক্রিস সাটনের মতে এটি বর্তমান বিশ্বকাপের সবচেয়ে রোমাঞ্চকর ব্যক্তিগত লড়াই। তিনি মনে করেন এই দুই ফুটবলারের মধ্যকার বৈরিতা ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে।
সাবেক অধিনায়ক অ্যালান শিয়ারারও এই দুই তারকার মধ্যে এক উত্তপ্ত লড়াইয়ের পূর্বাভাস দিয়েছেন। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় ক্লাব পর্যায়ে হালান্ড ও গ্যাব্রিয়েল এখন পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছেন। এর মধ্যে হালান্ড করেছেন ৬টি গোল। এসব লড়াইয়ে ম্যানচেস্টার সিটি জিতেছে ৫টি ম্যাচে এবং আর্সেনাল ২টিতে আর বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছে।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন হালান্ড। ৫ গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে আছেন। অন্যদিকে কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল খুব বেশি শৈল্পিক ফুটবল না খেললেও অত্যন্ত কার্যকর নৈপুণ্য দেখিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। দলটির রক্ষণভাগের অন্যতম স্তম্ভ হিসেবে নিজেকে প্রমাণ করেছেন গ্যাব্রিয়েল।
এখন পর্যন্ত ইতিহাস ব্রাজিলের পক্ষে কথা বলছে না। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা নরওয়ের বিপক্ষে খেলা চারটি ম্যাচের একটিতেও জয়ের মুখ দেখেনি। আগের লড়াইগুলোর মধ্যে নরওয়ে জিতেছে দুটিতে এবং বাকি দুটি ড্র হয়েছে। ফলে এই ম্যাচে ইতিহাস বদলে কোয়ার্টার ফাইনালে উঠতে মরিয়া সেলেসাওরা। অন্যদিকে নরওয়ে চাইবে তাদের সেই রেকর্ড ধরে রেখে শেষ আটে পৌঁছাতে।
এস এম/ ৫ জুলাই ২০২৬









