জাতীয়

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে ঢাবি সাদা দলের গভীর শোক

ঢাকা, ৫ জুলাই – ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান এবং বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল।

রবিবার এক শোক বার্তায় সংগঠনটির পক্ষ থেকে এই প্রথিতযশা শিক্ষাবিদের প্রয়াণে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী এবং অসংখ্য গুণগ্রাহীদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

শোক বার্তায় উল্লেখ করা হয় যে বাংলা ভাষা, সাহিত্য, শিক্ষা ও জাতীয় জ্ঞানচর্চায় অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের অসামান্য অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশের শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হলো।

এর আগে রবিবার দুপুর আড়াইটায় রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট চিন্তাবিদ। মৃত্যুকালে তিনি তার স্ত্রী ও একমাত্র কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শরমিনসহ অসংখ্য ছাত্রছাত্রী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

এস এম/ ৫ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language