দ্য হান্ড্রেড খেলতে বিসিবির ছাড়পত্র পেলেন মুস্তাফিজুর রহমান

ঢাকা, ৫ জুলাই – বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র লাভ করেছেন। বিসিবি তাকে পুরো টুর্নামেন্টে অংশ নেওয়ার অনুমতি প্রদান করায় আসন্ন আসরে তার মাঠে নামতে আর কোনো বাধা নেই।
ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিসিবির একজন কর্মকর্তা। তিনি জানান যে মুস্তাফিজকে ২০ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। আগামী ২১ জুলাই থেকে শুরু হতে যাওয়া দ্য হান্ড্রেডের ষষ্ঠ আসরে তিনি বার্মিংহাম ফিনিক্সের হয়ে প্রতিনিধিত্ব করবেন।
উল্লেখ্য যে টুর্নামেন্টের ড্রাফটে ১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যে মুস্তাফিজকে দলে নিয়েছিল বার্মিংহাম ফিনিক্স। এর মাধ্যমে প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দ্য হান্ড্রেডে খেলার ইতিহাস গড়তে যাচ্ছেন এই বাঁহাতি পেসার।
২০১৬ সালে সাসেক্সের হয়ে টি টোয়েন্টি ব্লাস্টে খেলার পর দীর্ঘ এক দশক পর আবারও ইংল্যান্ডের কন্ডিশনে সাদা বলের ক্রিকেটে দেখা যাবে তাকে। মুস্তাফিজ বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে জিম্বাবুয়ে সফরে রয়েছেন। ১৯ জুলাই বুলাওয়েতে টি টোয়েন্টি সিরিজ শেষ করে তিনি সরাসরি ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেবেন।
এছাড়া তরুণ ব্যাটার পারভেজ হোসেন ইমনকেও গ্লোবাল সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে খেলার জন্য ছাড়পত্র দিয়েছে বিসিবি। অন্যদিকে ডানহাতি পেসার হাসান মাহমুদ ইংলিশ কাউন্টি দল কেন্ট স্পিটফায়ার্সের হয়ে টি টোয়েন্টি ব্লাস্টের শেষ তিনটি ম্যাচে অংশ নেবেন।
এস এম/ ৫ জুলাই ২০২৬









