চট্টগ্রাম

সাধারণ দর্শকদের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনার খেলা দেখলেন এমপি সাঈদ আল নোমান

চট্টগ্রাম, ৪ জুলাই – বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় সাধারণ দর্শকদের সঙ্গে একই সারিতে বসে আর্জেন্টিনার খেলা উপভোগ করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান তুর্য্য। শনিবার ভোরে নগরীর দুই নম্বর গেট এলাকায় বড় পর্দায় আর্জেন্টিনা ও কেপ ভার্দের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব ৩২ এর ম্যাচটি অনুষ্ঠিত হয়।

হাজারো ফুটবলপ্রেমীর উপস্থিতিতে এমপি সাঈদ আল নোমান সবার সঙ্গে বসে খেলা উপভোগের পাশাপাশি কুশল বিনিময় করেন। খেলা শেষে তিনি বলেন, রাজনীতি নয় বরং খেলার আনন্দই আজ মানুষকে এভাবে একত্রিত করেছে।

চট্টগ্রাম শহরের হাজার হাজার তরুণ তরুণী একসঙ্গে আনন্দ ভাগাভাগি করতে এসেছে এবং এই আনন্দমুখর পরিবেশ আমাদের ঐক্যবদ্ধ হওয়ার শক্তি মনে করিয়ে দেয়। তিনি আরও বলেন, এখানে কোনো স্বার্থের চিন্তা বা রাজনৈতিক উদ্দেশ্য নেই। শুধুমাত্র ফুটবলের টানে চট্টগ্রামবাসী এক হয়েছে।

এই মিলনমেলা আমাদের শেখায় যে আমরা চাইলে বারবার এভাবে ঐক্যবদ্ধ হতে পারি। চট্টগ্রামের তরুণ সমাজের জন্য ভোরবেলা খেলা দেখার সুযোগ তৈরি করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন। এমপি সাঈদ আল নোমান জানান, সাধারণ মানুষের পাশে বসে খেলা দেখতে পেরে তিনি গর্বিত ও আনন্দিত।

তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে এমন আরও সুযোগ আসবে যেখানে সবাই মিলে উৎসব পালন করতে পারবে। খেলার এই ঐক্যবদ্ধ চেতনা যেন আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এস এম/ ৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language