মেক্সিকোর উচ্চতা মোকাবিলায় ভায়াগ্রা ব্যবহার করতে পারবেন ইংলিশ ফুটবলাররা

মেক্সিকো সিটি, ৪ জুলাই – আগামী ২০২৬ ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হওয়ার আগে এক চমকপ্রদ তথ্য সামনে এসেছে ইংল্যান্ড শিবিরে। মেক্সিকো সিটির মাত্রাতিরিক্ত উচ্চতাজনিত শারীরিক ক্লান্তি ও শ্বাসকষ্ট মোকাবিলা করতে ইংলিশ ফুটবলাররা প্রয়োজনে ভায়াগ্রা ব্যবহার করতে পারবেন।
বিশ্ব ডোপিং বিরোধী সংস্থার ২০২৬ সালের নিষিদ্ধ ওষুধের তালিকায় এই প্রেসক্রিপশন ড্রাগটি অন্তর্ভুক্ত না থাকায় ফুটবলারদের এটি ব্যবহারে কোনো আইনি বাধা নেই। সোমবার মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,২০০ মিটারেরও বেশি উঁচুতে অবস্থিত এই স্টেডিয়ামে অক্সিজেনের মাত্রা কম হওয়ায় ফুটবলারদের জন্য নির্ধারিত সময় দৌড়ানো বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ভায়াগ্রা ফুসফুসের রক্তচাপ কমিয়ে উচ্চতাজনিত ক্লান্তি ও অক্সিজেনের স্বল্পতা দূর করতে কার্যকর ভূমিকা রাখে।
ইংল্যান্ডের নতুন কোচ টমাস টুখেল মেক্সিকোর এই প্রতিকূল পরিবেশ সামাল দিতে সম্ভাব্য সকল বৈজ্ঞানিক ও কৌশলগত দিক খতিয়ে দেখছেন। যদিও খেলোয়াড়রা সরাসরি এই ওষুধটি গ্রহণ করবেন কি না সেই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।
পরিসংখ্যান অনুযায়ী গত ৫৬ বছরে নিজেদের মাঠে এই উচ্চতার সুবিধা নিয়ে মেক্সিকো মাত্র দুটি ম্যাচে পরাজিত হয়েছে। শুক্রবার মেক্সিকো পৌঁছানো ইংল্যান্ড দল কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য হাতে মাত্র দুদিন সময় পাচ্ছে যা তাদের জন্য বড় এক চ্যালেঞ্জ হতে পারে।
এস এম/ ৪ জুলাই ২০২৬









