ফুটবল

লামিন ইয়ামালের মন্তব্যের কড়া জবাব দিলেন ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে

প্যারিস, ৪ জুলাই – বিশ্বকাপের সেমিফাইনাল লড়াইয়ে সম্ভাব্য মুখোমুখি হওয়ার আগেই মাঠের বাইরের বাগযুদ্ধ শুরু হয়ে গেছে স্পেন ও ফ্রান্সের মধ্যে। স্প্যানিশ তরুণ তারকা লামিন ইয়ামাল দাবি করেছিলেন যে ফ্রান্স স্পেনের চেয়ে ভালো দল নয়।

তার এমন মন্তব্যের পর প্রতিক্রিয়া জানাতে দেরি করেননি ফরাসি ডিফেন্ডার জুল কুন্দে। বার্সেলোনার এই সতীর্থের পাল্টা জবাবে কুন্দে জানিয়েছেন ইয়ামালের কথাটি তার মনে থাকবে। ক্লাবে তারা সতীর্থ হলেও বিশ্বকাপের শেষ চারে দুই দলের দেখা হলে তাদের একে অপরের প্রতিপক্ষ হিসেবে লড়তে হবে।

এবারের বিশ্বকাপে শিরোপা জয়ের দৌড়ে ফ্রান্সকে অন্যতম ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। কিলিয়ান এমবাপে এবং উসমান দেম্বেলেদের সমন্বয়ে গড়া ফরাসি আক্রমণভাগ এখন পর্যন্ত অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে। অন্যদিকে স্পেনের শুরুটা প্রত্যাশা অনুযায়ী না হলেও তারা ক্রমশ নিজেদের ছন্দে ফিরছে।

বৃহস্পতিবার নকআউট পর্বে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। ফ্রান্সের শক্ত অবস্থান সত্ত্বেও ইয়ামাল মনে করেন না যে তারা স্পেনের চেয়ে এগিয়ে আছে। তার ভাষ্য অনুযায়ী ইউরো চ্যাম্পিয়নশিপের পর থেকে ফরাসিরা স্পেনকে হারাতে পারেনি।

ইয়ামালের এই আত্মবিশ্বাসকে কুন্দে ইতিবাচকভাবে দেখলেও লড়াইয়ের জন্য নিজেকে প্রস্তুত রাখছেন। কুন্দে জানান যে ইয়ামাল একজন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী খেলোয়াড় এবং তিনি সবসময় সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করেন।

তবে বিশ্বকাপের ফেভারিট তকমার চাপ নিতে রাজি নন এই ফরাসি ডিফেন্ডার। এদিকে ইয়ামাল অবশ্য পরে তার সুর কিছুটা নরম করেছেন। তিনি স্বীকার করেছেন যে ফ্রান্সের ফুটবলারদের মান অনেক উঁচুতে এবং তারা দুর্দান্ত ফর্মে রয়েছে। তবে তার মতে শক্তির বিচারে কোনো দলই এখন অন্য দলের চেয়ে এককভাবে এগিয়ে নেই।

এস এম/ ৪ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language