২০২৬ বিশ্বকাপই কি শেষ? অবসর নিয়ে ধোঁয়াশা রাখলেন রোনালদো

লিসবন, ৩ জুলাই – টরন্টোর বিএমও ফিল্ডে ক্রোয়েশিয়ার বিপক্ষে জয়ের পর পর্তুগিজ শিবিরে যখন উৎসবের আমেজ, ঠিক তখনই আলোচনার কেন্দ্রে চলে আসে ক্রিশ্চিয়ানো রোনালদোর অবসর। ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে তার বোন কাতিয়া আভেইরো সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, ২০২৬ বিশ্বকাপই হতে যাচ্ছে রোনালদোর শেষ টুর্নামেন্ট।
এই মন্তব্যের পর ফুটবল বিশ্বে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ম্যাচের পর সাংবাদিকদের প্রশ্নের মুখে রোনালদো তার অবসর নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। বোনের করা দাবিটি তিনি সরাসরি উড়িয়ে দেননি, আবার তা নিশ্চিত করে ভক্তদের হতাশও করেননি।
এক রহস্যময় হাসিতে পর্তুগিজ অধিনায়ক জানান, এই মুহূর্তে তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কথা বলার জন্য সামনে অনেক সময় পাওয়া যাবে। ম্যাচ শেষে পরিবারের সঙ্গে আলোচনা করেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ৪১ বছর বয়সী এই তারকা খেলোয়াড় আরও যোগ করেন যে, তিনি এখন আর মাঠের উত্তেজনার বশে কোনো হঠকারী সিদ্ধান্ত নেন না।
শান্ত মাথায় প্রতিটি মুহূর্ত উপভোগ করাই এখন তার মূল লক্ষ্য। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে স্নায়ুচাপ সামলানোর বিষয়েও কথা বলেন তিনি। তার মতে, চ্যাম্পিয়ন হতে হলে মাঠে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে শিখতে হবে। পেনাল্টি থেকে গোল করার পর পর্তুগাল ম্যাচের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছিল।
একদিকে বোনের আগাম বার্তা এবং অন্যদিকে রোনালদোর এই রহস্যময় নীরবতা পর্তুগাল শিবিরে এক রোমাঞ্চকর পরিস্থিতির সৃষ্টি করেছে। শেষ ষোলোতে স্পেনের বিপক্ষে মাঠে নামার আগে রোনালদোর এই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জল্পনা এখন তুঙ্গে।
এস এম/ ৩ জুলাই ২০২৬









