সিলেট

সিলেটে সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে চিকিৎসক নিখোঁজ

সিলেট, ২ জুলাই – সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্রে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটকের নাম ডা. সুব্রত সাহা বিকাশ। তার বয়স ৩৩ বছর।

তিনি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। জানা গেছে, চার বন্ধু মিলে ঢাকা থেকে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখতে গিয়েছিলেন। ভ্রমণের অংশ হিসেবে তারা সাদাপাথর পর্যটন কেন্দ্রে বিজিবি ক্যাম্পের সামনের এলাকায় গোসল করতে নামেন।

সাঁতার কাটার এক পর্যায়ে প্রবল স্রোতের টানে চারজনের মধ্যে তিনজন বিপদে পড়েন। এদের মধ্যে দুজন কষ্ট করে তীরে উঠতে সক্ষম হলেও সুব্রত পানির নিচে তলিয়ে যান।

সংবাদ পাওয়ার পর থেকেই কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরিরা তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করছে। ভোলাগঞ্জ ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম বলেন, সাদাপাথরে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হওয়ার সংবাদ আমরা পেয়েছি। ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল তাকে উদ্ধারে কাজ করছে।

এস এম/ ২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language