মধ্যপ্রাচ্য

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের প্রস্তুতি: অংশ নেবে কোটি মানুষ

তেহরান, ২ জুলাই – ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এক যৌথ হামলায় নিহত হওয়ার পর ইরানের ইতিহাসে এটিই হতে যাচ্ছে সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে যে আগামী ছয় দিনব্যাপী এই শোকানুষ্ঠান ইরান ও প্রতিবেশী দেশ ইরাকের মোট পাঁচটি শহরে পালিত হবে।

আগামী শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা প্রার্থনা চত্বরে প্রথম জানাজার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটবে। সোমবার তেহরানের রাজপথে এক বিশাল শোক মিছিল বের হবে। এরপর আগামী ৭ জুলাই পবিত্র শহর কোম এবং পরবর্তীতে ইরাকের নাজাফ ও কারবালা শহরে মরদেহ নিয়ে যাওয়া হবে। সবশেষে ৯ জুলাই খামেনির মরদেহ তার জন্মস্থান মাশহাদে দাফন করা হবে।

ইরান সরকার জানিয়েছে এই শেষ বিদায় অনুষ্ঠানে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায় থেকে বিপুল জনসমাগম আশা করা হচ্ছে। কর্তৃপক্ষ ধারণা করছে যে প্রায় দেড় থেকে দুই কোটি শোকাহত মানুষ জানাজায় অংশ নেবেন। নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে পুলিশ উচ্চ সতর্কতা জারি করেছে।

শোকানুষ্ঠানে রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবাসহ ৩০টির বেশি দেশের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ৯০টি দেশের ধর্মীয় নেতারা উপস্থিত থাকবেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইতিপূর্বে খামেনির জানাজায় অংশ নেওয়ার কথা নিশ্চিত করেছেন।

এনএন/ ২ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language