অনুশীলনে ফিরেছেন রোমেরো, স্বস্তিতে আর্জেন্টিনা শিবির

বুয়েনস আইরেস, ৩০ জুন – বিশ্বকাপের নকআউট পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে আর্জেন্টিনা দলে স্বস্তির সুবাতাস বইছে। হাঁটুর চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন অভিজ্ঞ সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো। সোমবার কানসাস সিটিতে দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নিয়েছেন তিনি।
সবকিছু ঠিক থাকলে শেষ ষোলোর ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে তাকে মাঠে দেখা যেতে পারে। আগামী শনিবার বাংলাদেশ সময় ভোর চারটায় কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে চমক দেখানো কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে রোমেরোর ফেরা কোচ লিওনেল স্কালোনির রক্ষণভাগের দুশ্চিন্তা অনেকটাই কমিয়ে দিয়েছে। পুরোপুরি ফিট থাকলে এই ডিফেন্ডারকে শুরুর একাদশেই রাখার সম্ভাবনা বেশি। এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন ২৮ বছর বয়সী রোমেরো।
ওই চোটের কারণে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি খেলতে পারেননি। তার অনুপস্থিতিতে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডিকে রক্ষণ সামলানোর দায়িত্ব দিয়েছিলেন স্কালোনি। জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ জয় নিয়ে গ্রুপ পর্ব শেষ করে আলবিসেলেস্তেরা।
জর্ডান ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি আগেই আশা প্রকাশ করেছিলেন যে রোমেরোকে নকআউট পর্বের আগেই পাওয়া যাবে। সোমবারের অনুশীলনে তাকে বেশ স্বাভাবিক ছন্দে দেখা গেছে।
আর্জেন্টিনার রক্ষণভাগে রোমেরো কেবল প্রতিপক্ষের আক্রমণ ঠেকান না বরং নিচ থেকে আক্রমণ গড়ে তুলতেও পারদর্শী। বড় ম্যাচের চাপে তার উপস্থিতি দলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবে।
এস এম/ ৩০ জুন ২০২৬









