হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল: কাটজ

তেল আবিব, ৩০ জুন – লেবাননের কোনো ভূখণ্ড দখলের উচ্চাকাঙ্ক্ষা ইসরায়েলের নেই বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তবে হিজবুল্লাহ পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা বর্তমান অবস্থান থেকে এক মিলিমিটারও সরবে না বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
সোমবার ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধ বিরতি কার্যকর করার লক্ষ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধানের লেবানন সফরের দিনই কাটজ এই মন্তব্য করেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত নথিতে উল্লেখ করা হয়েছে যে, চুক্তি অনুযায়ী লেবানন তার ভূখণ্ডে থাকা হিজবুল্লাহসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করবে এবং অবকাঠামো ভেঙে ফেলে দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করবে। এর ফলে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পথ প্রশস্ত হবে বলে আশা করা হচ্ছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানিয়েছেন, হিজবুল্লাহকে সরিয়ে ইসরায়েল সীমান্ত পর্যন্ত সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে লেবানন সরকার।
এদিকে দক্ষিণ লেবাননে উত্তেজনা এখনো বিরাজমান। গত রাতেও ওই এলাকায় হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে, সোমবার ওই এলাকায় একটি বিস্ফোরণে আইডিএফের এক সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন। কাটজ জানান, পরীক্ষামূলক কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ লেবাননের দুটি নির্ধারিত স্থান থেকে সেনা প্রত্যাহার করা হবে এবং সেখানে লেবাননের সেনাবাহিনী দায়িত্ব গ্রহণ করবে। তবে এই নির্দিষ্ট এলাকার বাইরে অন্য কোনো অঞ্চল থেকে সেনাদের সরিয়ে নেওয়ার সম্ভাবনা আপাতত নেই।
হিজবুল্লাহকে পুরোপুরি নির্মূল করার পরিকল্পনা থাকলেও মার্কিন রাজনৈতিক চাপের কারণে তা পুরোপুরি সম্ভব হয়নি বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প ইরান ও লেবানন ইস্যুকে একই আলোচনার আওতায় আনায় ইসরায়েলকে বৈরুতে হামলা সীমিত করতে হয়েছিল।
কাটজ বলেন, মার্কিন এবং ইরান আলোচনার সঙ্গে লেবানন ইস্যু যুক্ত হওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের স্বার্থে করা হয়েছিল। ইরান প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালায় তবে আইডিএফ তার কড়া জবাব দেবে এবং স্বাধীনভাবে অভিযান চালানোর জন্য প্রয়োজনীয় লক্ষ্যবস্তু নির্ধারণ করে রাখা হয়েছে।
এনএন/ ৩০ জুন ২০২৬









