ক্রিকেট

হারারেতে তাইজুলের ঘূর্ণি জাদু: ভাঙলেন সাকিবের একাধিক রেকর্ড

হারারে, ২৯ জুন – হারারে টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় আর পেসারদের ব্যর্থতার দিনে উজ্জ্বল হয়ে রইলেন স্পিনার তাইজুল ইসলাম। সবুজ ঘাসে ঢাকা পেস সহায়ক উইকেটেও দুর্দান্ত বোলিং করে ৭ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। এই সাফল্যের পথে তিনি বাংলাদেশের টেস্ট ইতিহাসের একাধিক গুরুত্বপূর্ণ রেকর্ড নিজের করে নিয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংসে ৭ উইকেট নেওয়ার মাধ্যমে বিদেশের মাটিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব এখন তাইজুলের ঝুলিতে। এটি বিদেশের মাটিতে তার ষষ্ঠ পাঁচ উইকেট প্রাপ্তি। এই তালিকায় এর আগে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান, যার পাঁচ উইকেট ছিল ৫ বার। এছাড়া মোহাম্মদ রফিক ও মেহেদী হাসান মিরাজ বিদেশের মাটিতে ৩ বার করে এই কৃতিত্ব অর্জন করেছেন।

শুধুমাত্র ৫ উইকেট নয়, বিদেশের মাটিতে বাংলাদেশের সেরা বোলিং ফিগারের রেকর্ডও এখন তাইজুলের দখলে। হারারেতে তার ৭ উইকেটে ১৩৮ রান এখন বিদেশের মাটিতে দেশের কোনো বোলারের সেরা ব্যক্তিগত ইনিংস।

এর আগে এই রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটে ৩৩ রান নিয়েছিলেন। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ইবাদত হোসেন, যিনি নিউজিল্যান্ডের মাটিতে ৪৬ রানে ৬ উইকেট শিকার করেছিলেন।

টেস্ট ক্রিকেটে ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তি এখন পর্যন্ত ৩ বার গড়েছেন তাইজুল ইসলাম। বাংলাদেশের ক্রিকেটে অন্য কোনো বোলার একাধিকবার এই উচ্চতায় পৌঁছাতে পারেননি। এনামুল হক জুনিয়র, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ প্রত্যেকে একবার করে এই মাইলফলক স্পর্শ করেছেন।

এছাড়া টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সামগ্রিকভাবে সবচেয়ে বেশি ৫ উইকেট শিকারের তালিকায় সাকিব আল হাসানের পাশে জায়গা করে নিয়েছেন তাইজুল। দুজনেরই এখন ১৯টি করে পাঁচ উইকেট শিকারের রেকর্ড রয়েছে। তবে সাকিবের ১২১ ইনিংসের বিপরীতে তাইজুল এই মাইলফলকে পৌঁছাতে খেলেছেন মাত্র ১০৭ ইনিংস।

দলের ব্যাটিং ব্যর্থতা আর পেসারদের নিষ্প্রভ পারফরম্যান্সের মাঝে তাইজুলের এই অসাধারণ লড়াকু বোলিং দেশের ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি করল।

এনএন/ ২৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language