বিশ্বকাপের নকআউটে আজ জাপানের মুখোমুখি ব্রাজিল, খেলবেন কি নেইমার?

হিউস্টন, ২৯ জুন – বিশ্বকাপের রাউন্ড অব ৩২ এ আজ মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই গুরুত্বপূর্ণ ম্যাচে সেলেসাওদের প্রতিপক্ষ শক্তিশালী জাপান।
এই মহারণের আগে ফুটবল বিশ্বে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইনজুরি কাটিয়ে বদলি হিসেবে মাঠে ফিরেছিলেন এই তারকা ফুটবলার। তবে নকআউটের গুরুত্বপূর্ণ এই ম্যাচে তার শুরুর একাদশে থাকা নিয়ে সংশয় রয়েছে।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন যে নেইমার আগের ম্যাচের তুলনায় দীর্ঘ সময় মাঠে থাকতে পারেন। তবে এখনো পুরো ৯০ মিনিট খেলার মতো শারীরিক অবস্থায় তিনি পৌঁছাননি। ফলে জাপানের বিপক্ষে তাকে শুরুতে বেঞ্চে বসে থাকতে দেখা যেতে পারে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশে গোলরক্ষক হিসেবে থাকবেন অ্যালিসন। রক্ষণভাগে দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল ও ডগলাস সান্তোসের খেলার সম্ভাবনা বেশি। মাঝমাঠে কাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতা দলের ভার সামলাবেন। আক্রমণভাগে রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে দেখা যেতে পারে মাতেউস কুনহাকে।
অন্যদিকে জাপানও তাদের সেরা দল নিয়ে লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে। তবে ইনজুরির কারণে দলটির অন্যতম সেরা তারকা তাকেফুসা কুবো এই ম্যাচে খেলতে পারছেন না। গ্রুপ পর্বে সাত পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে নকআউট নিশ্চিত করেছে ব্রাজিল। অন্যদিকে জাপান পাঁচ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নেয়।
দুই দলের শেষ দেখায় গত অক্টোবর মাসে এক প্রীতি ম্যাচে জাপান ৩-২ গোলে ব্রাজিলকে পরাজিত করেছিল। আজকের ম্যাচে সেই হারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে ব্রাজিল।
এনএন/ ২৯ জুন ২০২৬









