আইন-আদালত

ইনুর মানবতাবিরোধী অপরাধের মামলার রায় কাল, সরাসরি দেখাবে বিটিভি

ঢাকা, ২৯ জুন – জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি সুনির্দিষ্ট অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামী মঙ্গলবার (৩০ জুন)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় প্রদানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ফারুক আহাম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রসিকিউটর জানান, বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার এই ঐতিহাসিক মুহূর্তটি দেশবাসী যাতে সরাসরি দেখতে পারেন, সেজন্য বিটিভিকে ইতোমধ্যে প্রয়োজনীয় চিঠি দেওয়া হয়েছে।

প্রসিকিউশন পক্ষ থেকে জানা গেছে, ২০২৫ সালের ২৫ মার্চ হাসানুল হক ইনুর বিরুদ্ধে তদন্ত শুরু হয় এবং দীর্ঘ প্রক্রিয়া শেষে একই বছরের ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়। পরবর্তীতে ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার নথিপত্র অনুযায়ী, গত বছরের ২ নভেম্বর ইনুর বিরুদ্ধে আটটি সুনির্দিষ্ট অভিযোগে বিচার শুরুর আদেশ দেন আদালত। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ১ ডিসেম্বর এবং এই প্রক্রিয়ায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১০ জন সাক্ষ্য প্রদান করেন। আসামিপক্ষে দুজন সাফাই সাক্ষ্য দেন।

চলতি বছরের ২ এপ্রিল থেকে শুরু হওয়া যুক্তিতর্ক পর্ব গত ১৪ মে সম্পন্ন হয়। এরপর ২২ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করা হলেও পরবর্তীতে তা ৩০ জুন পুনর্নির্ধারিত হয়।

এই মামলায় ইনুর বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় কুষ্টিয়া শহরে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখকে হত্যার উসকানি ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি এই মামলায় কারাগারে আটক রয়েছেন।

এনএন/ ২৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language