মধ্যপ্রাচ্য

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বড় সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের

তেল আবিব, ২৯ জুন – দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর নির্মিত একটি বিশাল ভূগর্ভস্থ সুড়ঙ্গ ধ্বংস করার দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক যৌথ বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তাদের ভাষ্যমতে, সুড়ঙ্গটি ২০০ মিটারের বেশি দীর্ঘ এবং মাটির প্রায় ২৫ মিটার গভীরে অবস্থিত ছিল। সেখানে বিপুল পরিমাণ মারণাস্ত্র মজুত ছিল বলে দাবি করা হয়েছে।

ইসরায়েলি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়,

ওই সুড়ঙ্গে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ছিল যা ব্যবহার করে ইসরায়েলের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা ছিল হিজবুল্লাহর। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি চুক্তির মাত্র দুই দিন পর এই অভিযান চালানো হলো।

দশকের পর দশক ধরে বৈরি সম্পর্কের পর এই চুক্তিটিকে শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছিল। এদিকে ইসরায়েলের এই কর্মকাণ্ড এবং দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে নতুন করে বিমান হামলার কঠোর প্রতিবাদ জানিয়েছে হিজবুল্লাহ।

গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে,

ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে। লেবাননের নাবাতিয়েহ শহর, মায়ফাদুন এবং বিনত জবেইলসহ বিভিন্ন আবাসিক এলাকায় ইসরায়েলি ড্রোনের মাধ্যমে হামলা চালানোর অভিযোগ তুলেছে সংগঠনটি।

হিজবুল্লাহর বিবৃতিতে আরও বলা হয়,

তারা ইসরায়েলি বাহিনীর প্রতিটি গতিবিধি এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিজেদের মাতৃভূমি এবং দেশের জনগণকে রক্ষার পূর্ণ অধিকার তাদের রয়েছে।

এস এম/ ২৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language