জাতীয়

সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন

ঢাকা, ২৮ জুন – অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পাওয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নতুন প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। একই প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশের বিভিন্ন ইউনিটে আরও ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

এর আগে গত ১৭ মে সিআইডির তৎকালীন প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ প্রদান করে সরকার। তাঁর বিদায়ের পর থেকে সিআইডির প্রধানের পদটি শূন্য থাকায় সংস্থাটির কার্যক্রম ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হচ্ছিল।

ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা। তাঁর জন্মস্থান ফেনী সদর উপজেলায়। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ইউনিটে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সিআইডির প্রধান হিসেবে নিযুক্ত হওয়ার আগে তিনি সর্বশেষ এনএসআইয়ের পরিচালক পদে কর্মরত ছিলেন।

এনএন/ ২৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language