আইন-আদালত

টিউলিপ সিদ্দিক ও রাজউক কর্মকর্তার মামলার শুনানি পিছিয়ে ১ সেপ্টেম্বর

ঢাকা, ২৮ জুন – রাজধানীর গুলশান এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও এক রাজউক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ১ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

রবিবার শুনানি শেষে ঢাকার বিশেষ জজ আদালত ৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালত এই নতুন তারিখ নির্ধারণ করেন। দুদকের পক্ষের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান যে আজ মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল।

তবে এই মামলায় জামিনে থাকা রাজউকের সাবেক কর্মকর্তার পক্ষে অভিযোগ গঠন বিষয়ে শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন। এর আগে গত ৮ এপ্রিল এই মামলায় আসামিদের আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছিল।

গেজেট প্রকাশিত হওয়ায় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালত মামলার পরবর্তী কার্যক্রমের জন্য ১৬ এপ্রিল তারিখ ধার্য করেছিলেন। একইসঙ্গে মামলাটি বিচারের জন্য বিশেষ জজ আদালতে বদলির আদেশ দেওয়া হয়েছিল। গত ১৮ ফেব্রুয়ারি এই মামলায় দুদকের দেওয়া অভিযোগপত্র আমলে নেয় আদালত।

আসামিরা সে সময় উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে যে আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ ছাড়াই গুলশান ২ এর একটি ফ্ল্যাট দখল এবং পরবর্তীতে রেজিস্ট্রি করেন। তদন্ত শেষে গত বছরের ১১ ডিসেম্বর দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।

এস এম/ ২৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language