ইসরায়েল-লেবানন চুক্তি স্বাক্ষরের পরপরই সীমান্তে বিমান হামলা

বৈরুত, ২৭ জুন – ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টার মধ্যেই দুই দেশের সীমান্তে পুনরায় উত্তেজনা দেখা দিয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, রাতভর ইসরায়েলি বাহিনী সীমান্তসংলগ্ন একটি এলাকায় বিমান হামলা পরিচালনা করেছে।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলীয় মারকাবা শহরের আশেপাশে ব্যাপক বোমাবর্ষণ করেছে। উল্লেখ্য যে, এই শহরটি ইসরায়েল ও লেবানন সীমান্ত থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে অবস্থিত। তবে এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকেও এই অভিযান নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট বা কাঠামোগত চুক্তি স্বাক্ষরের পরপরই এই হামলার ঘটনাটি ঘটল। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই চুক্তিকে দুই দেশের চলমান আলোচনার প্রথম ধাপ হিসেবে অভিহিত করেছেন।
তার মতে, সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ। কিন্তু এই রাজনৈতিক সমঝোতার কয়েক ঘণ্টার মাথায় নতুন করে হামলার ঘটনায় যুদ্ধবিরতি ও ভবিষ্যৎ আলোচনার প্রক্রিয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, মাঠপর্যায়ে সহিংসতা নিয়ন্ত্রণ করা না গেলে এমন কূটনৈতিক চুক্তি বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়বে।
এস এম/ ২৭ জুন ২০২৬









