ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত, তদন্ত শুরু

মাস্কাট, ২৫ জুন – ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত বস্তুর আঘাত হানার ঘটনা ঘটেছে। জাহাজের কমান্ড ডেস্ক বা পরিচালনার মূল অংশে এই হামলা চালানো হয়। এতে ওই অংশটি ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার যুক্তরাজ্য সামুদ্রিক বাণিজ্য অপারেশন (ইউকেএমটিও) এই তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায় তারা ওমানের উপকূল থেকে ৭ দশমিক ৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বাঞ্চলের দাহিতে এ হামলার ব্যাপারে জানতে পারে।
জাহাজের মাস্টার জানিয়েছেন হামলার ফলে ক্রুদের কোনো ক্ষতি হয়নি এবং পরিবেশের ওপরও কোনো বিরূপ প্রভাব পড়েনি। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে। ওই রুট দিয়ে চলাচল করা অন্যান্য জাহাজকে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ইউকেএমটিও।
এমন এক সময়ে এই ঘটনা ঘটল যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
সম্প্রতি আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা ও ওমান একটি নিরাপদ করিডর নির্ধারণ করেছে যাতে হরমুজে আটকে পড়া জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারে। তবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নৌ শাখা নতুন করে ঘোষণা দিয়েছে যে তাদের অনুমতি ও নির্ধারিত পথেই জাহাজ চলাচল করতে হবে।
এনএন/ ২৫ জুন ২০২৬









