মাধ্যমিকের অর্ধবার্ষিক ও প্রাক নির্বাচনী পরীক্ষার সূচি পরিবর্তন

ঢাকা, ২৪ জুন – দেশের সরকারি ও বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক এবং স্কুল অ্যান্ড কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনী পরীক্ষার সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে এই পরীক্ষা শুরু হবে এবং ১৬ জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর গত মঙ্গলবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে। আদেশে উল্লেখ করা হয়, অনিবার্য কারণে শিক্ষা মন্ত্রণালয়ের গত ২০ মে তারিখের প্রজ্ঞাপনে নির্ধারিত পরীক্ষার সূচি পরিবর্তন করা হয়েছে।
এর আগে ঘোষিত সূচি অনুযায়ী এই পরীক্ষাগুলো ২৮ জুন শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। পরিবর্তিত সিদ্ধান্ত অনুযায়ী সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের নতুন সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
মাউশি কর্তৃপক্ষ সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এই নির্দেশনা যথাযথভাবে পালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
এস এম/ ২৪ জুন ২০২৬









