মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চপর্যায়ের আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি

তেহরান, ২২ জুন – মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি ও উত্তেজনার মধ্যেই সুইজারল্যান্ডে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উচ্চপর্যায়ের প্রথম দফার আলোচনা সম্পন্ন হয়েছে। সোমবার শেষ হওয়া এই বৈঠকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আলোচনার প্রেক্ষাপট ছিল বেশ থমথমে। একদিকে তেহরান কর্তৃক হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি এবং অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের পাল্টা হামলার হুমকির মধ্যেই এই বৈঠক শুরু হয়। মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে উভয় পক্ষ একটি প্রাথমিক রূপরেখায় সম্মত হয়েছে।

সুইজারল্যান্ডের বুর্গেনস্টক অবকাশকেন্দ্রে কারিগরি পর্যায়ের আলোচনা চলতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, লেবাননে সংঘাত নিরসনের বিষয়ে দুই দেশ একমত হয়েছে। এ ছাড়া হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে একটি বিশেষ যোগাযোগ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়ানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সেই চুক্তির ধারাবাহিকতায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানি কর্মকর্তাদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন,

তেল ও পেট্রোরাসায়নিক পণ্য রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ করা অর্থ ছাড়ের বিষয়ে তেহরান প্রতিশ্রুতি আদায় করতে পেরেছে। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বৈঠক শুরুর আগে এক প্রতিবেদনে বলা হয়েছিল,

হরমুজ প্রণালি বন্ধের চেষ্টা করা হলে ইরানের অস্তিত্ব সংকটে পড়বে এবং যুক্তরাষ্ট্র ওই নৌপথের নিয়ন্ত্রণ নিতে পারে।

ইরানি সংবাদমাধ্যম জানায়,

ট্রাম্পের হুমকির মুখে ইরানি প্রতিনিধিদল প্রথমে আলোচনা থেকে সরে আসতে চাইলেও কাতার ও পাকিস্তানের হস্তক্ষেপে সংলাপ অব্যাহত থাকে। মার্কিন কূটনৈতিক সূত্র অবশ্য জানিয়েছে, ইরানি প্রতিনিধিরা আলোচনার টেবিল ছাড়েননি এবং পরমাণু ইস্যুসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর রাত পর্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এস এম/ ২২ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language