ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে মায়ামিতে কাসেমিরো, মেসির সাথে মাঠ মাতাবেন ব্রাজিলিয়ান তারকা

ব্রাজিলিয়া, ২১ জুন – ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার কাসেমিরো তার ক্লাব ক্যারিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের পথে রয়েছেন। বর্তমান বিশ্বকাপের ব্যস্ততার মাঝেই জানা গেছে আগামী মৌসুমে ইন্টার মায়ামির জার্সিতে লিওনেল মেসির সতীর্থ হিসেবে দেখা যাবে তাকে।
বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে মৌখিক সমঝোতায় পৌঁছেছেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
আগামী জুনের শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে কাসেমিরোর চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। ইংলিশ ক্লাবটি তাকে নতুন চুক্তির প্রস্তাব দিলেও তিনি তা গ্রহণে অনাগ্রহ প্রকাশ করেছেন। ফলে ইউরোপীয় ফুটবলে দীর্ঘ ১৩ বছরের বর্ণাঢ্য যাত্রার ইতি টেনে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে যাচ্ছেন এই ব্রাজিলিয়ান। দুই পক্ষের মধ্যে আলোচনার অগ্রগতি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং যেকোনো সময় আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের শেষ মৌসুমে বেশ ছন্দে ছিলেন কাসেমিরো। প্রিমিয়ার লিগের ৩৪ ম্যাচে তিনি ৯টি গোল করেছেন যা তার ক্যারিয়ারের ব্যক্তিগত অন্যতম সেরা পরিসংখ্যান। তবে কেবল ফুটবলীয় কারণেই নয় বরং পারিবারিক ও ব্যক্তিগত কারণকেও মায়ামিকে বেছে নেওয়ার পেছনে গুরুত্ব দিয়েছেন তিনি। বিশেষ করে মায়ামির পরিবেশকে পরিবারের জন্য অধিক উপযোগী বলে মনে করছেন তিনি।
সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদের পক্ষ থেকে বড় অংকের প্রস্তাব থাকলেও তা ফিরিয়ে দিয়েছেন কাসেমিরো। মেসির সঙ্গে একই দলে খেলার প্রবল ইচ্ছাও তার এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে জানা গেছে।
২০১৩ সালে রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপীয় ফুটবলে যাত্রা শুরু করা কাসেমিরো পোর্তোতেও খেলেছেন। রিয়ালের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ হিসেবে তিনি মোট ১৮টি শিরোপা জিতেছেন। বর্তমানে ব্রাজিলের হয়ে ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলছেন এই নির্ভরযোগ্য মিডফিল্ডার।
এনএন/ ২১ জুন ২০২৬









