ফুটবল

ছদ্মবেশে নিউইয়র্কের রাস্তায় ঘুরে বেড়ালেন তারকা ফুটবলার আর্লিং হালান্ড

ওয়াশিংটন, ১৯ জুন – বিশ্বকাপের অভিষেক ম্যাচে ইরাকের রক্ষণভাগ চূর্ণ করে জোড়া গোল দিয়ে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন আর্লিং হালান্ড। মাঠের সেই বিধ্বংসী রূপ সরিয়ে এবার একদম ভিন্ন মেজাজে দেখা গেল নরওয়ের এই গোলমেশিনকে।

বিশ্বকাপের ব্যস্ত সূচির মাঝে পাওয়া ছুটিতে বান্ধবী ইসাবেল হগসেং জোহানসেনকে নিয়ে নিউইয়র্কের রাস্তায় সাধারণ পর্যটক হিসেবে ঘুরে বেড়িয়েছেন ম্যানচেস্টার সিটির এই তারকা স্ট্রাইকার। মাঠে হালান্ডকে চেনার অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো তার লম্বা সোনালী চুল যা সাধারণত খেলার সময় খোঁপা করা থাকে।

তবে নিউইয়র্কের বিখ্যাত টাইমস স্কয়ার কিংবা ঐতিহ্যবাহী রেস্তোরাঁ কাটস ডেলির সামনে যখন তিনি হাজির হন, তখন তাকে চেনার উপায় ছিল না। মাথায় হালকা রঙের বেসবল ক্যাপ এবং চোখে কালো সানগ্লাস পরে নিজেকে পুরোপুরি আড়াল করে রেখেছিলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যম স্ন্যাপচ্যাটে নিজের ভ্রমণের ছবি পোস্ট করে হালান্ড রসিকতা করে জানান যে, মাথার চুলগুলো লুকিয়ে রাখাটাই তার ছদ্মবেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দিয়েছে। টাইমস স্কয়ারের মতো জনাকীর্ণ জায়গায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে ছবি তুললেও নিউইয়র্কবাসী টেরই পায়নি যে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার তাদের মাঝে অবস্থান করছেন।

দীর্ঘ ২৬ বছর পর বিশ্বকাপে ফিরে নিজেদের প্রথম ম্যাচে ইরাককে ৪ ১ গোলে হারিয়েছে নরওয়ে। আগামী ২২ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শক্তিশালী সেনেগালের মুখোমুখি হবে তারা। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফুটবলারদের মানসিক চাপ কমাতে দুই দিনের ছুটি দিয়েছেন নরওয়েজিয়ান কোচ স্তালে সলবাকেন।

শিষ্যদের এমন ফুরফুরে মেজাজে ঘুরে বেড়ানো নিয়ে কোচ জানান, ফুটবলারদের জন্য ছোট একটি বিরতি খুবই প্রয়োজন। পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটিয়ে তারা মানসিকভাবে সতেজ হয়ে ফিরবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এস এম/ ১৯ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language