আইন-আদালত

সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২৭ বারের মতো

ঢাকা, ১৮ জুন – সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১২৭ বারের মতো পিছিয়েছে। আদালত আগামী ২২ জুলাই এই প্রতিবেদন জমা দেওয়ার পরবর্তী দিন নির্ধারণ করেছেন। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এই আদেশ দেন।

এদিন মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তদন্তকারী কর্মকর্তা তা দাখিল করতে পারেননি। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম রাসেল এই তথ্য নিশ্চিত করেছেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে ডিবি পুলিশ মামলার তদন্ত শুরু করলেও পরে হাইকোর্টের নির্দেশে তদন্তভার র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ সময় পর গত বছরের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলাটি তদন্তে উচ্চক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন।

পিবিআই প্রধানকে প্রধান করে গঠিত এই টাস্কফোর্স বর্তমানে মামলাটি তদন্ত করছে। এই মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আটজন আসামি রয়েছেন। তাদের বিভিন্ন সময় রিমান্ডে নেওয়া হলেও কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

এস এম/ ১৮ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language