চালক বাবুল হত্যা মামলা: দেশ টিভির সাবেক এমডি আরিফ হাসান গ্রেপ্তার

ঢাকা, ১৮ জুন – রাজধানীর বিমানবন্দর থানায় দায়ের করা প্রাইভেট কার চালক বাবুল হত্যা মামলায় দেশ টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আরিফ হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপ-পরিদর্শক মো. আবু সাঈদের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে,
মো. আরিফ হাসান এর আগে একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তদন্ত কর্মকর্তা তার আবেদনে উল্লেখ করেন, আসামি আরিফ হাসান এই হত্যাকাণ্ড ও হামলার ঘটনাটি সংঘটিত করার ক্ষেত্রে মূল অর্থ জোগানদাতা হিসেবে কাজ করেছেন এবং তার সহযোগীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সহিংসতায় সরাসরি জড়িত ছিলেন।
এদিন আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ আসামিকে গ্রেপ্তার দেখানোর পক্ষে শুনানি করেন। অন্যদিকে আরিফ হাসানের আইনজীবী তাহমিনা সুলতানা এই আবেদনের বিরোধিতা করে বলেন যে, তার মক্কেল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তিনি কখনোই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না।
তার হার্টে রিং পরানো রয়েছে এবং ইতোমধ্যেই তার নামে নয়টি মামলা দেওয়া হয়েছে। মামলার অভিযোগ অনুসারে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৮ জুলাই উত্তরা এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন চালক বাবুল।
পরে চিকিৎসাধীন অবস্থায় উত্তরা উইমেন মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় গত ২২ জুলাই বিমানবন্দর থানায় ভিক্টিমের স্ত্রী একটি হত্যা মামলা দায়ের করেছিলেন।
এস এম/ ১৮ জুন ২০২৬









