শুক্রবার ঢাকা আসছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ঢাকা, ১১ জুন – বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী আগামী শুক্রবার ঢাকা আসছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। হাইকমিশনারের সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী মৃণাল ত্রিবেদীও একই দিনে ঢাকায় পৌঁছাবেন।
চলতি বছরের এপ্রিল মাসে ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে মনোনীত করে নরেন্দ্র মোদি সরকার। ২০২৪ সালের আগস্ট পরবর্তী পরিস্থিতিতে ঢাকা ও দিল্লির মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের তিক্ততা কাটিয়ে নতুন করে এগিয়ে যাওয়ার চেষ্টারত অবস্থায় এক গুরুত্বপূর্ণ সময়ে তিনি দায়িত্ব নিতে যাচ্ছেন।
দীর্ঘ সময় পর কোনো পেশাদার কূটনীতিকের বদলে একজন অভিজ্ঞ রাজনীতিবিদকে এই পদে নিয়োগ দিল ভারত। ৭৫ বছর বয়সী দীনেশ ত্রিবেদী ইতিপূর্বে ভারতের কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে তিনি রেলমন্ত্রী ছিলেন।
এছাড়া তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। রাজনৈতিক জীবনে তিনি লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষের সদস্য হিসেবে কাজ করেছেন। পশ্চিমবঙ্গ ও গুজরাটের প্রতিনিধি হিসেবে তার সংসদীয় অভিজ্ঞতা রয়েছে।
২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া এই নেতা বর্তমানে প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মা বর্তমানে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন।
এস এম/ ১১ জুন ২০২৬









