অর্থবছরের পরিবর্তন ও বিকল্প বাজেটের প্রস্তাব জামায়াত আমিরের

ঢাকা, ৯ জুন – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদীয় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বর্তমান অর্থবছরের সময়সীমা পরিবর্তনের দাবি জানিয়েছেন। তিনি বলেন জুলাই থেকে জুন পর্যন্ত বিদ্যমান অর্থবছরের শেষ দিকে বর্ষা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়।
এডিপির বড় একটি অংশ তাড়াহুড়ো করে বাস্তবায়নের ফলে প্রকৃত কাজ হয় না বরং তা গণলুটপাটে রূপ নেয়। তাই জনগণের অর্থের সঠিক হিসাব নিশ্চিতে ফিসকাল ইয়ারকে ক্যালেন্ডার ইয়ারের সঙ্গে মিলিয়ে করার প্রস্তাব দেন তিনি। মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের জন্য জামায়াতের জনমুখী বাজেট প্রস্তাবনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন নিয়ম অনুযায়ী সম্পূরক বাজেট তিন মাস আগে পেশ করার কথা থাকলেও বর্তমানে তা শেষ সময়ে করা হয়। এতে খরচের স্বচ্ছতা থাকে না। এছাড়া সাম্প্রতিক গণভোটের রায় বাস্তবায়নে সরকারের অনীহার সমালোচনা করে তিনি বলেন জনগণের বিশাল অংশ হ্যাঁ ভোট দিলেও সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকার সেই রায় উপেক্ষা করেছে যা নজিরবিহীন।
অনুষ্ঠানে জামায়াতের পক্ষ থেকে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি বিকল্প জাতীয় বাজেট পেশ করা হয়। সংসদ সদস্য সাইফুল আলম খান এই বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
এস এম/ ৯ জুন ২০২৬









