জাতীয়

প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের

ঢাকা, ৬ জুন – প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই আমন্ত্রণ জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের জন্য হাকান ফিদানকে ধন্যবাদ জানান। অন্যদিকে হাকান ফিদানও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রেসিডেন্ট এরদোয়ানের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন যে তার এই সফর বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে উন্নীত করার প্রথম পদক্ষেপ। এই লক্ষ্য বাস্তবায়নে উভয় পক্ষ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বার্ষিক ফরেন অফিস কনসালটেশন আয়োজনের বিষয়ে একমত হয়েছে।

এছাড়া দুই দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রীদের অংশগ্রহণে প্রতিবছর টু প্লাস টু পরামর্শ বৈঠক আয়োজনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে একটি বিশেষ পরামর্শ কাঠামো বা কমিটি গঠন করা হবে।

বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক নিয়ে পর্যালোচনার পাশাপাশি রোহিঙ্গা ইস্যু, জলবায়ু পরিবর্তন এবং বাণিজ্য বিষয়ে আলোচনা করা হয়। বিনিয়োগ, যৌথ উৎপাদন এবং আঞ্চলিক ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিষয়গুলোও আলোচনায় প্রাধান্য পায়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম উপস্থিত ছিলেন।

এনএন/ ৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language