ফুটবল

ভারতের কাছে হেরে সাফ শিরোপা হাতছাড়া করলো বাংলাদেশ

নয়াদিল্লি, ৬ জুন – সাফ নারী চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো শিরোপা জয়ের স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের। ভারতের মারগোয়ায় অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৩-১ ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ২০২২ ও ২০২৪ সালে নেপালের মাটিতে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হলো বাংলার মেয়েরা।

ম্যাচের প্রথমার্ধ ১-১ সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে অগোছালো ফুটবল ও রক্ষণভাগের দুর্বলতার কারণে হার মেনে নিতে হয় বাংলাদেশকে।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ১২ মিনিটে ঋতুপর্ণা চাকমার ক্রস থেকে শামসুন্নাহার জুনিয়র গোল করতে ব্যর্থ হলে লিড নেওয়ার সহজ সুযোগ হারায় বাংলাদেশ। এর কিছুক্ষণ পর তহুরা খাতুন একক প্রচেষ্টায় বক্সে ঢোকার চেষ্টা করলেও ভারতীয় রক্ষণভাগ তাকে প্রতিহত করে।

ম্যাচের ৩০ মিনিটে ভারতের আভিকা শিংয়ের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তবে ৪২ মিনিটে লিড নিতে ভুল করেনি ভারত। মাঝমাঠ থেকে আসা বল ধরে ডিফেন্ডারদের কাটিয়ে চমৎকারভাবে জালে জড়ান পিয়ারি শাশা। পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়াতে সময় নেয়নি বাংলাদেশ।

প্রথমার্ধের ইনজুরি সময়ে তহুরা খাতুনের পাস থেকে ঋতুপর্ণা চাকমা দুর্দান্ত এক গোল করে সমতা ফেরান।

বিরতির পর মাঠে নেমেই বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। ৪৬ মিনিটে ডান দিক থেকে আসা ক্রস হেড করে গোল করেন ভারতের সানফিদা। এতে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে ঋতুপর্ণারা। এরপর সমতায় ফেরার একাধিক সুযোগ নষ্ট করে বাংলাদেশ। ৫১ মিনিটে ঋতুপর্ণার কর্নার থেকে শামসুন্নাহারের হেড ক্রসবারে লেগে ফিরে আসে।

ম্যাচের ৫৭ মিনিটে মারিয়া মান্দার একটি জোরালো শট ভারতীয় গোলরক্ষক রুখে দিলে হতাশা বাড়ে লাল সবুজের প্রতিনিধিদের। ম্যাচের শেষ দিকে ৮২ মিনিটে লিন্দা কম গোল করে ভারতের জয় নিশ্চিত করেন।

ইনজুরি সময়েও গোল করার কিছু সুযোগ তৈরি হয়েছিল তবে শেষ পর্যন্ত হারের গ্লানি নিয়েই মাঠ ছাড়তে হয় বর্তমান চ্যাম্পিয়নদের।

এনএন/ ৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language