ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা: পাহারায় যুক্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারা

ঠাকুরগাঁও, ৬ জুন – দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ‘পুশ ইন’ বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টার প্রেক্ষাপটে ঠাকুরগাঁও সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার প্রায় ১০৬ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে দিন ও রাতে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।

সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও পাহারায় অংশ নিচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পটপরিবর্তনের পর সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে কয়েকটি সীমান্ত এলাকায় ভারতে অবস্থানরত কিছু ব্যক্তিকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে।

এমন পরিস্থিতিতে ঠাকুরগাঁওয়ের সীমান্ত অঞ্চলে নজরদারি আরও বাড়ানো হয়েছে। তবে ঠাকুরগাঁও ৫০ বিজিবির দায়িত্বাধীন এলাকায় এখন পর্যন্ত এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। বিজিবি জানায়, হরিপুর, পীরগঞ্জ, রানীশংকৈল ও বালিয়াডাঙ্গী উপজেলার বিস্তীর্ণ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ শক্তিশালী করা হয়েছে।

বিভিন্ন বর্ডার আউট পোস্টে অতিরিক্ত সদস্য মোতায়েনের পাশাপাশি ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সীমান্তের গ্রামগুলোতে নিয়মিত মাইকিং করে স্থানীয়দের সতর্ক করা হচ্ছে।

কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি যেন না ছড়ায় সেদিকেও খেয়াল রাখছে বিজিবি। সন্দেহজনক কোনো গতিবিধি দেখলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ জানানো হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি এলাকার বাসিন্দারা জানিয়েছেন, দেশের নিরাপত্তার স্বার্থে তারা বিজিবিকে সব ধরনের সহযোগিতা করছেন।

তারা চান না কোনোভাবেই অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটুক। ঠাকুরগাঁও ৫০ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আহসান কবির বলেন, সীমান্তে ২৪ ঘণ্টা টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

সম্ভাব্য পয়েন্টগুলো চিহ্নিত করে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। তিনি আরও উল্লেখ করেন যে, স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা বিজিবির শক্তি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

এস এম/ ৬ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language