শব্দদূষণ নিয়ন্ত্রণেও এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

ঢাকা, ৫ জুন – ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান জানিয়েছেন, ট্রাফিক ব্যবস্থাপনার সাফল্যের পর এবার শব্দদূষণ নিয়ন্ত্রণেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর গুলশানে আয়োজিত এক সচেতনতামূলক সমাবেশে তিনি এ কথা বলেন। ডিএনসিসি প্রশাসক বলেন, পরিবেশ রক্ষায় ব্যক্তিগত সচেতনতা সবচেয়ে জরুরি। মানসিকতার পরিবর্তন ঘটাতে পারলে যেকোনো লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।
সিটি করপোরেশন তাদের দায়িত্ব পালন করছে এবং পরিবেশ নিয়ে যারা কাজ করেন, তাদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শফিকুল ইসলাম খান আরও উল্লেখ করেন যে, একদিনে সব পরিবর্তন সম্ভব নয় তবে সবার সম্মিলিত প্রচেষ্টায় শব্দদূষণ নিয়ন্ত্রণ করা যাবে।
তিনি ঘোষণা দেন যে আজকের পর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা সম্পূর্ণরূপে শব্দদূষণমুক্ত বা হর্নমুক্ত এলাকা হিসেবে গণ্য হবে। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর সড়কে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ট্রাফিক নিয়ন্ত্রণের সফলতার উদাহরণ টেনে তিনি বলেন যে খুব শীঘ্রই শব্দদূষণ নিয়ন্ত্রণেও এই আধুনিক প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে।
এস এম/ ৫ জুন ২০২৬









