জাতীয়

আইন সবার জন্য সমান বলার কিছুক্ষণ পরই ট্রাফিক নিয়ম ভাঙল কমিশনারের গাড়িবহর

ঢাকা, ৪ জুন – ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রে সরকারি ও বেসরকারি সব পক্ষই সমান এবং খোদ প্রধানমন্ত্রীও ট্রাফিক আইন অনুসরণ করেন। এমন বলিষ্ঠ বক্তব্য প্রদানের কিছুক্ষণ পরই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ নিজেই সেই নিয়ম ভঙ্গ করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক এক সংবাদ সম্মেলন শেষে ডিএমপি কমিশনারের গাড়িবহরকে সাধারণের জন্য নির্ধারিত ডাইভারশন পার হতে দেখা যায়। ওই সময় রশি ও ট্রাফিক ব্যারিকেড সরিয়ে বিশেষ ব্যবস্থাপনায় কমিশনারের পথ করে দেওয়া হয়।

বর্তমানে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টার থেকে সদর দপ্তরের দিকে যেতে সাধারণ যানবাহনকে মগবাজার ফ্লাইওভারের নিচ দিয়ে ইউটার্ন নিয়ে ঘুরে যেতে হয়। ওই ডাইভারশন অংশটি দড়ি ও প্লাস্টিকের ত্রিকোণাকৃতির ব্যারিকেড দিয়ে সবসময় বন্ধ রাখা থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ সম্মেলন শেষে কমিশনারের গাড়িবহর ওই মোড়ে পৌঁছালে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সাধারণের জন্য বন্ধ রাখা অংশের প্রতিবন্ধকতা সরিয়ে দেন। পরে গাড়িবহরটি অতিক্রম করার পর আবার সেটি আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হয়।

ওই পথে নিয়মিত যাতায়াতকারী এক মোটরসাইকেল চালক মোহাম্মদ জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, মিন্টো রোড থেকে বেইলি রোড বা কাকরাইলের দিকে যেতে হলে সাধারণত দীর্ঘ পথ ঘুরে যেতে হয় এবং এই ক্রসিংটি সাধারণ মানুষের জন্য সবসময় বন্ধ থাকে। কিন্তু পুলিশের গাড়িবহর আসার সাথে সাথেই সেটি খুলে দেওয়া হলো।

সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার ট্রাফিক আইন ভঙ্গের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সরকারি হোক বা বেসরকারি, যে কেউ আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে তার বক্তব্যের কিছুক্ষণ পরই এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা তৈরি হয়েছে।

এই বিষয়ে বিস্তারিত জানতে কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনএন/ ৪ জুন ২০২৬


Back to top button
🌐 Read in Your Language